সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী রেনু বেগমের (৩০) লাঠির আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আলেক মিয়া (৬৫)। তিনি উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের আমিনপুর গ্রামের মাছিম উল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মো. আলেক মিয়া ব্যক্তি পেশায় একজন দিনমজুর। উপজেলার আমিনপুর গ্রামেই দ্বিতীয় স্ত্রীর রেনু বেগমের সঙ্গে বাস করতেন তিনি। তার প্রথম স্ত্রীর ঘরে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানাদি নেই।
শনিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দ্বিতীয় স্ত্রী লাঠি দিয়ে স্বামী আলেক মিয়ার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরই দ্বিতীয় স্ত্রী পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে আটকের চেষ্টা চলছে আর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।