ক্লার্ক-জয়াবর্ধনে-সাঙ্গাকারার পাশে মুমিনুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি তুলে নেওয়ার মধ্য দিয়ে দারুণ একটা কীর্তি হলো মুমিনুল হকের। বাংলাদেশ টেস্ট অধিনায়ক নিজের নাম তুলেছেন মাইকেল ক্লার্ক, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাদের পাশে।

শনিবার সাগরিকায় ১১৫ রানের ইনিংস খেলেন মুমিনুল। ৪১তম টেস্টে যা তার দশম সেঞ্চুরি, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এই ১০ সেঞ্চুরির সাতটিই আবার এক ভেন্যুতে করলেন মুমিনুল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বলতে গেলে কক্সবাজারের ছেলে মুমিনুলের হোম ভেন্যু। এই ভেন্যুতেই ৭টি টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি।

এক মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে টেস্ট ইতিহাসে এখন যৌথভাবে চারে মুমিনুল।

কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ৭টি সেঞ্চুরি আছে গলে। আর অ্যাডিলেড ওভালে ৭টি সেঞ্চুরি আছে মাইকেল ক্লার্কের।

এক ভেন্যুতে সর্বোচ্চ সেঞ্চুরিতে সবার উপরে আছেন জয়াবর্ধনে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ২৭ ম্যাচে ১১টি সেঞ্চুরি রয়েছে তার।

কেপ টাউনের নিউল্যান্ডসে জ্যাক ক্যালিস ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্যার ডন ব্র্যাডম্যানের সেঞ্চুরি ৯টি করে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ৮টি সেঞ্চুরি আছে সাঙ্গাকারার।

আরো পড়ুন:

সেঞ্চুরির রেকর্ডে তামিমকে ছাড়িয়ে মুমিনুল