ভিন্সের নৈপুণ্যে বিগ ব্যাশে চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স

পার্থ স্কর্চার্সকে হারিয়ে বিগ ব্যাশে শিরোপা ধরে রাখল সিডনি সিক্সার্স। সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডে দলটি স্পর্শ করল পার্থকেই।

শনিবার সিডনিতে আসরের ফাইনালে ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সের নৈপুণ্যে ২৭ রানে জয় তুলে নেয় সিক্সার্স।

টসে হেরে ব্যাট করে দলটি ৬ উইকেটে ১৮৮ রানের স্কোর গড়ে। ভিন্স খেলেন ৬০ বলে ৯৫ রানের ইনিংস। জবাবে ৯ উইকেটে ১৬১ রানে থামে পার্থ স্কর্চার্স।

স্কর্চার্সের বিরুদ্ধেই কোয়ালিফায়ার ম্যাচে শতরান থেকে মাত্র ২ রান দূরে ব্যাট করছিলেন জেমস ভিন্স। সিডনি সিক্সার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল ১ রান। বোলার অ্যান্ড্রু টাই ভিন্সকে সেঞ্চুরি থেকে আটকাতে ওয়াইড বল করেন। সিডনি ম্যাচ জিতে ফাইনালে গেলেও ৯৮ রানে অপরাজিত থেকে যান ভিন্স।

এবার ফাইনাল ম্যাচেও সেই একই প্রতিপক্ষের বিপক্ষে ফের নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন ভিন্স। আউট হন ৯৫ রান করে। ৬০ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ৩টি ছক্কা হাঁকান। তবে দলের শিরোপা জয়ে নায়ক তিনিই। হয়েছে ম্যাচসেরা।

সিডনি সিক্সার্সের এটি টানা দ্বিতীয় ও সব মিলে তৃতীয় শিরোপা। এর আগে ২০১১-১২ মৌসুমে উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।