রাওয়ালপিন্ডিতে নিজের অভিষেক টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন মোহাম্মদ রিজওয়ান। তাতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল পাকিস্তান। তবে চতুর্থ ইনিংসে দারুণ লড়াইয়ের বার্তা থাকল প্রোটিয়াদের ব্যাটে। বলাই যায়, পঞ্চম দিনে হয়তো অপেক্ষা করছে রোমাঞ্চ।
রবিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান। তার কল্যাণে ৮ উইকেটে ১৯৬ রান থেকে ২৯৮ রানে থামে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।
৬ উইকেটে ১২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৩ রানে ওপেনার ডিন এলগার (১৭) বিদায় নেন। তবে আরেক ওপেনার আইডেন মারকরাম ও তিনে নামা রসি ভন ডার ডুসেন গড়েন প্রতিরোধ।
দিনের খেলা শেষ হওয়ার আগে অবিচ্ছিন্ন থেকে ৯৪ রান যোগ করেছেন দুজন। মারকরাম ৫৯ ও ডুসেন ৪৮ রানে অপরাজিত আছেন।
১ উইকেটে ১২৭ রানে দিন শেষ করা প্রোটিয়াদের শেষ দিনে জয়ের জন্য চাই ২৩৪ রান। পাকিস্তানের পক্ষে রিজওয়ানের সেঞ্চুরির বিপরীতে প্রোটিয়াদের হয়ে আলো ছড়িয়েছেন জর্জ লিন্ডে।
প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে পাকিস্তান। ২০০৭ সালের পর এই প্রথম পাকিস্তান সফর করছে দক্ষিণ আফ্রিকা।