পোপ ফ্রান্সিসের পরামর্শ পরিষদে প্রথম নারী

ভ্যাটিকানের ঐতিহ্য ভেঙে এবারই প্রথমবারের মতো পরামর্শ পরিষদে (সিনোদ অব বিশপস) একজন নারীকে নিয়োগ দিয়েছেন পোপ ফ্রান্সিস। পোপের এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে ফরাসি সিস্টার নাথালি বেকার্তকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিএনএন। পরামর্শ পরিষদে এখন থেকে ভোটও দিতে পারবেন নাথালি। ফলে এখন থেকে ক্যাথলিক চার্চের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবেন তিনি।

গত শনিবার সিনোদে দুজন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। বেকার্ত সিনোদেই ২০১৯ সাল থেকে পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বরত অবস্থায় তিনি একাধিক বিতর্কিত ইস্যু যেমন বিবাহ বিচ্ছেদের মতো ঘটনায় নিজস্ব মতামত তুলে ধরেছিলেন এবং তা গ্রহণও করেন পোপ ফ্রান্সিস।

এ নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণে পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ। তিনি আরও বলেন, ‘সিস্টার নাথালি বেকার্তের নিয়োগ ও তাকে ভোট দেওয়ার ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে আরও নারীর ভোটাধিকার প্রশ্নে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো। গত সিনোদে অনেক ফাদারই চার্চের মধ্যে একজন নারীর ভূমিকা পালনের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছিলেন। সেই সাড়ার প্রতিচ্ছবি হিসেবেই বেকার্তকে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এমনকি পোপ ফ্রান্সিসও একাধিকবার চার্চে নারীদের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। চার্চের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে নারীরা ভূমিকা পালন করতে পারেন তাই ছিল পোপের উদ্দেশ্য। গত সিনোদেও উল্লেখযোগ্যসংখ্যক নারী বিশেষজ্ঞ ও অডিটর হিসেবে অংশগ্রহণ করেছিলেন।’

মারিও গ্রেজ বলেন, ‘পরামর্শ পরিষদে ভোটদানের অধিকার প্রাপ্তির মধ্য দিয়ে ভবিষ্যতে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায় তার যাচাই করবেন বেকার্ত।’

বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেওয়ার ক্ষমতা থাকে। এছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন। তবে তাদের ভোটাধিকার থাকে না। আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপসের সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন। সিনোদ অব বিশপসে অপর আন্ডারসেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন। নাথালি বেকার্ত (৫২) ফ্রান্সভিত্তিক ‘জাভিয়ার সিস্টার্স’র সদস্য এবং তিনি ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রিসম্পন্ন। এছাড়া তিনি বোস্টনেও লেখাপড়া করেছেন।