গাছের পরিচর্যায় রান্নাঘরের জিনিস

বড় বাগান কিংবা খোলামেলা বাড়ি এখন আর সেভাবে দেখা যায় না। ফলে এখন ব্যালকনি বা ছাদবাগান করার প্রতি ঝুঁকছে অনেকে। কিন্তু গাছ কীভাবে পুষ্টি পাবে, তা নিয়ে ভাবনা থেকেই যায়। এ পুষ্টি পূরণে সহায়ক হতে পারে রান্নাঘরের ব্যবহৃত কয়েকটি সামগ্রী।

কলার খোসা : কলা খাওয়ার পর আবর্জনা ভেবে ফেলে না দিয়ে টবে পুঁতে দিন। অথবা ছোট ছোট করে কেটে গাছের আশপাশে ছড়িয়ে দিন। চাইলে একটি পাত্রে পানির মধ্যে প্রায় ২৪ ঘণ্টা কলার খোসা ডুবিয়ে রাখতে পারেন। তারপর সেই পানিও দিতে পারেন গাছের গোড়ায়। কলার খোসায় থাকা পটাশিয়ামের প্রভাবে আপনার গাছ হয়ে উঠবে আরও সুন্দর।

ডিমের খোসা : ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই ফেলে না দিয়ে গাছের গোড়ায় তা ছড়িয়ে দিতে পারেন। সপ্তাহখানেক পর ম্যাজিক নিজের চোখেই দেখতে পাবেন।

কফিবীজ : বাড়িতে টমেটো বা গোলাপগাছ থাকলে সেগুলোর গোড়ার মাটির ভারসাম্য রক্ষা করতে অপরিহার্য কফিবীজ। সরাসরি মাটিতে ছড়িয়ে দিয়ে কিংবা দানা ভিজিয়ে রাখা পানিও দিতে পারেন গাছের গোড়ায়।

গ্রিন-টি : গ্রিন-টিও এখন প্রায় ঘরে থাকে। গ্রিন-টির ব্যাগ ডোবানো পানিও দিতে পারেন গাছের গোড়ায়। এতে গাছ দিন দিন আরও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে।

পেঁয়াজ ও রসুন : রান্নার জন্য পেঁয়াজ ও রসুন অন্যতম অপরিহার্য উপাদান। এর খোসাও গাছকে দিতে পারে পুষ্টি। একটি পাত্রে এক লিটার পানি নিয়ে তার মধ্যে পেঁয়াজ ও রসুনের খোসা একটানা তিন-চার দিন ডুবিয়ে রাখুন। এবার তা ছেঁকে নিয়ে ওই পানি দিয়ে দিন ব্যালকনি কিংবা ছাদের টবে। পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রনের নির্যাসে গাছ হয়ে উঠবে সতেজ ও পুষ্টিকর।