যুক্তরাষ্ট্রে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ সোমবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাকরয়িক্সের সঙ্গে মতবিনিময় করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাকে জড়িয়ে সম্প্রতি যে প্রতিবেদন করেছে তা আসন্ন এই বৈঠকে কোনো ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কৌশলগত যোগাযোগ প্রধান নিক বার্নব্যাক।
বার্নব্যাক যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক শওগাত আলী সাগরকে এই তথ্য জানিয়েছেন। শওগাত আলী দেশ রূপান্তরকে জানান, তার এক প্রশ্নের জবাবে জাতিসংঘের এই কর্মকর্তা জানান, আন্ডার সেক্রেটারি জেনারেল ল্যাকরয়িক্স ও জেনারেল আজিজ আহমেদের মধ্যকার নির্ধারিত বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন তাতে কোনো ভূমিকা রাখবে না।
তিনি জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি ইউনিফর্মড সদস্য রয়েছে। প্রতিটি শান্তি মিশনে তাদের মোতায়েনে জাতিসংঘের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো বাংলাদেশের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে। আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে ধরনের ইলেক্ট্রনিক যন্ত্রের কথা উঠে এসেছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্টে সে ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা হয় না।
এদিকে গত শনিবার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি ও জেনারেল আজিজ আহমেদের মধ্যকার বৈঠক মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।