লিবিয়ার মানব পাচার ও পাচারের শিকার বাংলাদেশিদের গুলি করে হত্যার ঘটনায় ঢাকায় করা একটি মামলায় দুই আসামির জামিনের রায় বাতিল এবং দুই আসামির জামিন স্থগিত করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ গতকাল রবিবার এ আদেশ দেয়।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
গত বছরের ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ২৬ বাংলাদেশি মানব পাচারকারীদের হাতে নিহত হন। চাঞ্চল্যকর এ ঘটনায় ২ জুন রাতে রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং হত্যার অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন একটি ট্রাভেল এজেন্সির স্বত্বাবিধকারী দুই ভাই শেখ মো. মাহবুবুর রহমান ও শেখ সাহিদুর রহমান। এ মামলায় দুজন হাইকোর্টে জামিনের আবেদন করলে রুল জারি করে হাইকোর্ট। রুলের শুনানি নিয়ে তাদের জামিনের রায় দেয় হাইকোর্ট। মামলার অপর দুই আসামি কাউসার মুন্সী ও মাহবুব মুন্সীকে জামিন দিয়ে রুল জারি করে হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষ হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। সুপ্রিম কোর্টের চেম্বার আদালত দুজনের জামিনের আদেশ স্থগিত করে। এরই ধারাবাহিকতায় গতকাল আপিল বিভাগের এ আদেশ আসে। সর্বোচ্চ আদালত তার আদেশে শেখ মাহবুব ও শেখ সাহিদুরের জামিনের রায় বাতিলসহ কাউসার মুন্সী ও মাহবুব মুন্সীর জামিনের আদেশের ওপর স্থগিতাদেশ দেয়।