মেসির চুক্তি ফাঁসের তীব্র সমালোচনা সুয়ারেজের

২০১৭ সালে সর্বশেষ চুক্তি অনুযায়ী বার্সেলোনা থেকে ৫ হাজার ৭০০ কোটি টাকা পান লিওনেল মেসি। সম্প্রতি চুক্তির খুঁটিনাটি স্প্যানিশ একটি দৈনিক ফাঁস করার পর থেকেই চলছে আলোচনা-সমালোচনা। এমন একটি চুক্তি ফাঁস করা অপরাধ বলে মন্তব্য করেছেন মেসির ঘনিষ্ঠ বন্ধু, সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ। তিনি বলেছেন, ‘মেসির চুক্তির আর্থিক পরিমাণ ফাঁস হয়ে যাওয়ায় বিস্মিত। আমার কাছে এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। জানি না, মানুষ কীভাবে এত খারাপ হতে পারেন যে, কারও কোনো ব্যক্তিগত বিষয় এভাবে প্রকাশ্যে তুলে ধরে। কোনো ফুটবলারই ক্লাবের ঊর্ধ্বে নয়। কিন্তু লিও তার ফুটবলার জীবনে বার্সেলোনাকে এত কিছু দিয়েছে, যা অন্য কোনো ফুটবলার এই সময়ে অন্য কোনো ক্লাবকে দিতে পারেনি।’ বন্ধু হলেও মেসির সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন সুয়ারেজ, ‘লিও’র সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়নি। চার-পাঁচজন মানুষ বিষয়টি জানেন। লিওর সঙ্গে এই ব্যাপারে কোনো কথাও বলতে চাই না। কারণটা বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর।’ ইন্টারনেট।