দৃশ্যটা অদ্ভুত! স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আমরণ অনশন করছেন অভিনেতা শামীম হাসান সরকার ও তার বন্ধুরা। ১০ দফা দাবিতে রাস্তায় নেমেছেন তারা।
আরেকটা দৃশ্য এমন কপাল ও মুখে ব্যান্ডানা বাঁধা। আর তাতে লেখা, ‘বউ আমার মুখের কথা কাইড়া নিতে চায়।’ এমনই ছবি ও ভিডিও ফেইসবুকে ছড়ানো হয়েছে। উদ্দেশ্য ‘বাঘবন্দি বিড়াল’ নাটকের প্রচার।
কুদরত উল্লাহর চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করছেন সহিদ উন নবী। জনপ্রিয় ‘বাঘ যখন বিড়াল’ নাটকের সিক্যুয়েল এটি।
আগের মতো এবারও স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন শামীম হাসান সরকার ও সালহা খানম নাদিয়া। আগের নাটকে স্ত্রীর সামনে ‘বিড়ালের’ মতো আচরণ করতেন শামীম হাসান। তবে নতুন সিক্যুয়েলে অনেকটা বদলে গেছেন তিনি। তবে এবার দর্শক বুঝতে পারবেন নাটকের আসল ঘটনা কী!
এ প্রসঙ্গে নাদিয়া বলেন, “খুবই মজার একটি কাজ হচ্ছে। গত পার্টে শামীম হাসান সরকার স্ত্রীকে দেখে প্রচণ্ড ভয় পেত। কিন্তু নতুন এই পার্টে প্রেক্ষাপট অনেকটা বদলে যাবে। সবাইকে নাটকটি দেখার আহ্বান জানাচ্ছি।”
ভালোবাসা দিবসে ‘বাঘবন্দি বিড়াল’ নাটকটি অবমুক্ত হবে গোল্লাছুটের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রচার হবে টেলিভিশনে।