সিডনিতে আলজাজিরা কার্যালয়ের সামনে বিক্ষোভ, অস্ট্রেলিয়ায় সম্প্রচার বন্ধের দাবি

অস্টেলিয়ার সিডনিতে আলজাজিরা টিভির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে শুক্র, রবি ও সোমবার বিক্ষোভ করেন প্রবাসীরা। তারা অস্ট্রেলিয়ায় আলজাজিরা সম্প্রচার বন্ধের দাবি জানান।

এ বিক্ষোভে নেতৃত্ব দেন ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং উজ্জীবিত বাংলাদেশের আর্ন্তজাতিক সদস্য সচিব আলহাজ্ব হাসান সিমুন ফারুক রবিন। 

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সিডনির আলজাজিরা টিভি (বুর‌্যো) কার্যালয়ের সামনে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ করেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

আলহাজ্ব হাসান সিমুন ফারুক রবিন জানান, আলজাজিরা টিভি চ্যানেল মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত করেছে।

তিনি আরো বলেন, আমরা এর প্রতিবাদে সিডনির প্রাণকেন্দ্রে অবস্থিত আলজাজিরা টিভির নতুন কার্যালয় ও জাতিসংঘের সদর দপ্তরের সামনে আয়োজিত পৃথক সমাবেশে অস্ট্রেলিয়ায় আলজাজিরার সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছি। 

এসব বিক্ষোভ ও সমাবেশে নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হকের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার আওয়ামী কৃষক লীগের সভাপতি শাহ আলম, উপদেষ্টা সাব্বির ফেরদৌস শাওন, সহ-সভাপতি তানভীর কেনেডী, মইনুল মল্লিক, নুরুদ্দিন, সাধারণ সম্পাদক আ. গণি, সাংগঠনিক সম্পাদক রিয়াসাদ হাসান, তাহমিদুল নুর, দপ্তর সম্পাদক মাসফি রহমান, নির্বাহী সদস্য আহমেদ উমায়ের, মো. হাসান উসায়েদ, সিনিয়র নেতা আ. রহিম বাবু, আবুবক্কর। 

শতাধিক নেতাকর্মী এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। 

সোমবার অস্ট্রেলিয়ার কাতার এম্বেসিতে স্বারকলিপি প্রদান করেন তারা।