চাঁদাবাজির অভিযোগে কারাগারে ৬ পুলিশ

চট্টগ্রামের ডিবি পরিচয়ে আনোয়ারা থানা এলাকায় চাঁদাবাজি করার অভিযোগে নগর পুলিশের ছয় সদস্যকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ছয় পুলিশ সদস্য হলেন, এসএএফ শাখায় কর্মরত কনস্টেবল আবদুল নবী, এস্কান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ, কনস্টেবল মোরশেদ বিল্লাহ। এদের সবার বাড়ি চট্টগ্রাম জেলায়।

আনোয়ারা থানার পূর্ব বৈরাগ গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে গত বুধবার রাতে তার বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে ডিবিতে অভিযোগ আছে বলে কয়েক ঘণ্টা আটকে রেখে এক লাখ ৮০ হাজার ৫০০ টাকা মুক্তিপণ নিয়ে মান্নানকে ছেড়ে দেয়।

এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারি রবিবার আবদুল মান্নান বাদি হয়ে আনোয়ারা থানায় অজ্ঞাতনামা আসামি করে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা করেন। ওই ঘটনার তদন্তে গিয়ে আনোয়ারা থানা-পুলিশ চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) স্পেশাল আর্ম ফোর্স (এসএএফ) শাখার ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, মামলার এজাহারে উল্লেখ আছে, গত ৩ ফেব্রুয়ারি রাত ২ টায় দিকে আটজন লোক আব্দুল মান্নানের বাড়িতে গিয়ে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। ৪টি মোটরসাইকেলের একটিতে মান্নানকে মাঝখানে বসিয়ে দুজন এবং অপর তিনটি মোটরসাইকেলে ২জন করে ৬জনসহ মোট আটজন পটিয়া থানার ভেল্লা পাড়া ব্রিজের পূর্ব পাশে কৈয়গ্রাম রাস্তার মাথায় একটি টং চায়ের দোকানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তারা মান্নানকে জানায়, তার বিরুদ্ধে ডিবিতে অভিযোগ আছে। অভিযোগ থেকে নাম কাটাতে বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে দিতে। পরে অনেক দর–কষাকষির পর ১ লাখ ৮০ টাকায় ৫০০ টাকায় জোগাড় করে দিলে মান্নানকে ছেড়ে দেয়।

মামলার বাদী মান্নান জানান, টাকা নেওয়ার পর ভোর পাঁচটার দিকে তাকে ছেড়ে দিয়ে পটিয়াগামী সড়ক ধরে পালিয়ে যায় অপহরণকারীরা। আট অপহরণকারীদের একজনের গায়ের জ্যাকেট ‘ডিবি’ লেখা ছিল। তাদের কথোপকথনের সময় একজনকে মোরশেদ নামে ডাকতে শোনেন মান্নান।

এদিকে, গ্রেপ্তারের পর রবিবার ছয়জনকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালতে হাজির করা হয় বলে সোমবার বিকেলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ওই আদেশের পর রবিবার সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ সোমবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা তদন্ত করতে গিয়ে নগর পুলিশের ছয় সদস্যের সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।