চট্টগ্রামে জুয়াড়ি সন্দেহে গ্রেপ্তার ৩ ভারতীয় রিমান্ডে

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেট ম্যাচ চলাকালে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে গ্রেপ্তার তিন ভারতীয় ‘জুয়াড়িকে’ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার চট্টগ্রামের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুরাদ রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। তারা হলেন সানি ম্যাগু (৩২), চ্যাটান শর্মা (৩৩) ও সুনীল কুমার (৩৮)।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি-পশ্চিম জোনের পরিদর্শক মো. কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তিন দিন মঞ্জুর করেছে।

এর আগে গত শনিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেট চলাকালে ‍একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে তিন ভারতীয়কে আটক করে পাহাড়তলী থানা পুলিশের হাতে তুলে দেন। পরে তাদের তিনজনের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুপারভাইজার আরেফিন হোসাইন বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে সিএমপি কমিশনারের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হয় ডিবিকে।