পলাশে অটোরিকশা উল্টে যাত্রী নিহত

নরসিংদীর পলাশে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে বেগম (৫০) নামে  এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার সকালে উপজেলার মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বেগম গাজীপুর জেলার কালিগঞ্জ সাওরাহিদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।

আহতরা হলেন- পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারখানা এলাকার আজিজুর রহমানের ছেলে আশিকুর (১৮), মাঝেরচর এলাকার আনিস মিয়ার মেয়ে মীম (৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ সাওরাহিদ গ্রামের সুজন মিয়ার স্ত্রী শিউলী (২৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পলাশ বাসস্ট্যান্ড থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা মাঝেরচর গ্রামে যাচ্ছিল।

সিএনজিটি মাঝেরচর বাজারের অদূরে পৌঁছালে সড়কে এক পথচারী পারাপার হচ্ছিল। ওই সময় পথচারী সড়কে মাঝ খানে চলে আসে। পরে পথচারীকে বাঁচাতে সিএনজি চালক সিএনজিটি থামানোর চেষ্টা করে। এ সময় হার্ড ব্রেক করলে সিএনজিটি সড়কের মধ্যেই উল্টে যায়।

এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে বেগম নামে এক নারীর মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করে হয়।

এদের মধ্যে মীম নামে এক শিশুকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।