মেসির সঙ্গে খেলা আমার জন্য বড় উপহার: ভেরাত্তি

আসছে গ্রীষ্মে লিওনেল মেসি বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দিতে পারেন বলে গুঞ্জন চলছে। ফরাসি ক্লাবটির অনেকেই সম্প্রতি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। যদিও এ মাসেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে লড়বে বার্সা ও পিএসজি।

তার আগে ফরাসি ক্লাব সদস্যদের এমন সব মন্তব্যে ক্ষুব্ধ বার্সা কোচ রোনাল্ড কোম্যান। তবে পিএসজি থেকে মেসিকে পাওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য থামছে না। এবার যে দলে যোগ দিলেন মার্কো ভেরাত্তি।

চলসি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এরপরই মেসি পিএসজিতে যোগ দিতে পারেন।

স্বয়ং পিএসজির আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো মেসির প্যারিসে পাড়ি দেওয়ান নিয়ে কথা বলেছেন। জোরালো সম্ভাবনার কথা বলেছেন ক্লাবটির আর্জেন্টিনাই দুই তারকা লিয়ানদ্রো প্যারেডেস ও অ্যাঙ্গেল ডি মারিয়া। এ ছাড়া স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও বলেছেন এমন সম্ভাবনার কথা।

ভেরাত্তি বলছেন, ‘অবশ্যই আমি মেসির সঙ্গে খেলতে চাই।’ চ্যালেন প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে এই তারকার কথা, ‘আমি নেইমার ও মেসিকে বল দিচ্ছি, পেছনে দাঁড়িয়ে দেখছি…। আমাদের সঙ্গে তার থাকা দুর্দান্ত লাগবে। এটা হবে আমাকে ফুটবলের দেওয়া আরেকটি বড় উপহার।’