১৪ লাখ ইয়াবাসহ আটক ফারুকের বাড়ি থেকে ১ কোটি ৭০ লাখ টাকা উদ্ধার

কক্সবাজার সদরের চৌফলদণ্ডি ব্রিজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক ‘ইয়াবা ডন’ জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুটি বস্তাভর্তি ১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।  আটক জহিরুল ইসলাম ফারুকের দেওয়া স্বীকারোক্তির পরে এই অভিযান চালানো হয়। 

মঙ্গলবার বিকেল ৫টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে ইয়াবা বিক্রির এসব টাকা উদ্ধার করে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, ১৪ লাখ ইয়াবাসহ আটক জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বাড়িতে ইয়াবা বিক্রির বিপুল পরিমাণ টাকা রাখার কথা স্বীকার করেন তিনি। তার দেওয়া তথ্য মতে, অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়। গণনা করে দুই বস্তায় এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এ চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর পূর্বে দুপুরে কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক করা হয় ‘ইয়াবা ডন’ জহিরুল ইসলাম ফারুক ও বাবুকে। পরে এ ঘটনায় জড়িত আরো ৩ জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।