করোনায় আরও ৮ জনের মৃত্যু শনাক্ত ৩৮৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও আটজন মারা গেছেন। একই সময় শনাক্ত হয়েছেন আরও ৩৮৭ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ২২৯ জন এবং শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৫৭৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪৬৮টি। এ পর্যন্ত মোট ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪২ জন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ২ দশমিক ৬৭ শতাংশ এবং এ পর্যন্ত ১৪ দশমিক ২৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৯৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন পুরুষ এবং একজন নারী। দেশে করোনায় এ পর্যন্ত মোট ৬ হাজার ২৩৬ জন পুরুষ এবং ১ হাজার ৯৯৩ জন নারী মৃত্যুবরণ করেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত আটজনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত আটজনের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন, চট্টগ্রামের একজন, সিলেটের একজন এবং ময়মনসিংহের একজন। আটজনের সবাই হাসপাতালে মারা গেছেন।