যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার দ্রুতগতিতে শেষ করার বিষয়ে একমত হয়েছেন দেশটির সিনেটের নেতারা। স্থানীয় সময় মঙ্গলবার থেকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ বিচারের মূল পর্ব শুরু হওয়ার কথা। সিএনএন, ভয়েস অব আমেরিকা ও বিবিসির খবরে বলা হয়েছে, এক মাস আগে বিদ্রোহে উসকানি এবং ভোট সত্যায়ন পর্বে ক্যাপিটল ভবনে হামলায় সমর্থকদের প্ররোচিত করার জন্য তাকে দোষারোপ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত বিচারে এ মতৈক্যের কারণে ট্রাম্প দোষী কি নির্দোষ, সে সংক্রান্ত ভোট সপ্তাহখানেকের মধ্যেই হয়ে যেতে পারে।
ডেমোক্র্যাটরা বলছেন, সদ্য বিদায়ী প্রেসিডেন্টের দোষ প্রমাণে তাদের হাতে ‘যথেষ্ট’ প্রমাণ আছে। তবে ট্রাম্পের আইনজীবী দলের ভাষ্য, ৬ জানুয়ারি দাঙ্গায় অংশগ্রহণকারীরা স্বতন্ত্রভাবেই কাজ করেছিল। তারা এ বিচারকে ‘অযৌক্তিক ও অসাংবিধানিক’ বলে অভিহিত করছেন।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অভিশংসিত তিন প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পই এক মেয়াদে দুবার অভিশংসিত হয়েছেন। সিনেটে দোষীসাব্যস্ত হলে ট্রাম্প এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা অন্য কোনো সরকারি পদের জন্য প্রার্থী হতে পারবেন না। তবে তাকে দোষীসাব্যস্ত করতে ১০০ সদস্যের সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে।
সিনেটে এখন ডেমোক্র্যাট সিনেটরের সংখ্যা ৫০ আর রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পকে দোষীসাব্যস্ত করতে চাওয়াদের সংখ্যা হাতেগোনা হওয়ায় বিচারে শেষ পর্যন্ত ট্রাম্প দায়মুক্ত হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বিচার-পূর্ববর্তী বিবৃতিতে গত সোমবার ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, সিনেটের এ বিচার অসাংবিধানিক; কেননা ট্রাম্পের মেয়াদ শেষ হয়ে গেছে, তিনি এখন একজন সাধারণ নাগরিক। তবে প্রতিনিধি পরিষদের যে নয় ডেমোক্র্যাট সদস্য সিনেটের বিচারে কৌঁসুলির দায়িত্ব পালন করবেন, সেই ‘অভিশংসন ব্যবস্থাপকরা’ ট্রাম্পের আইনজীবীদের এ যুক্তিতে আপত্তি জানিয়েছেন। তারা বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে করা কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার উভয়পক্ষ সিনেটে ট্রাম্পের বিচার সংবিধানসম্মত হচ্ছে কি না তা নিয়ে যুক্তি, পাল্টা যুক্তি দিতে চার ঘণ্টা করে সময় পাবে। দিনের শেষভাগে বিচার চালিয়ে যাওয়া হবে কি না তা নিয়েও সিনেটে ভোট হতে পারে।
যুক্তিতর্ক পর্ব শুরুর আগে বিচারের প্রক্রিয়া ও কাঠামো নিয়ে সোমবার সিনেটের নেতারা একমত হন। ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার বলেন, সাবেক প্রেসিডেন্টের ন্যায্য ও সঠিক অভিশংসন বিচার নিশ্চিতে এর কাঠামো নিয়ে সব পক্ষ একমত হয়েছে।
সিএনএন জানাচ্ছে, বিচার সংবিধান সম্মত কি না, মঙ্গলবারের এ সংক্রান্ত ভোট ডেমোক্র্যাটদের পক্ষে গেলে বুধবার বিকেল থেকে উভয়পক্ষের প্রাথমিক যুক্তিতর্ক শুরু হবে; এই পর্বে দুপক্ষই তাদের উপস্থাপনার জন্য সর্বোচ্চ ১৬ ঘণ্টা করে সময় পেতে পারেন।
যুক্তিতর্ক শেষ হলে সিনেটররা উভয়পক্ষকে প্রশ্ন করার সুযোগ পাবেন। এরপর অভিশংসন ব্যবস্থাপকরা সাক্ষী ডাকা কিংবা পরোয়ানা জারির জন্য অনুরোধ জানিয়ে বিচার পর্ব দীর্ঘায়িত করবেন কি না তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প অবশ্য এর মধ্যেই সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনাভাইরাস প্রণোদনা প্যাকেজ অনুমোদনের চেষ্টার মধ্যে ডেমোক্র্যাট-রিপাবলিক উভয় দলের আইনপ্রণেতারা উচ্চকক্ষে ট্রাম্পের অভিশংসনের বিচার দ্রুত শেষ করতে আগ্রহের কথা জানিয়েছেন। দ্রুত বিচারে এ মতৈক্যের কারণে ট্রাম্প দোষী কি নির্দোষ, সে সংক্রান্ত ভোট সপ্তাহখানেকের মধ্যেই হয়ে যেতে পারে।