গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ মাদক মামলায় বিনাশ্রম কারাদ-প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার নাম হাবিবুর রহমান (৩৯)। তিনি ময়মনসিংহের গৌরীপুর থানার শিবলা মানিহারকান্তা এলাকার মো. রহম আলীর ছেলে। তিনি মোবাইল কোর্টের সাজায় তিন মাসের বিনাশ্রম কারাদ-প্রাপ্ত ছিলেন। গত ৩০ জানুয়ারি থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার রীতেশ চাকমা জানান, দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাবিবুর রহমান। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে ফের কারাগারে আনা হয়। একপর্যায়ে সন্ধ্যায় তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন। পরে আবারও তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৯টার দিকে হাবিবুরকে মৃত ঘোষণা করেন।