আবার মাঠের ক্রিকেটে ফিরছেন আকরাম-হাবিবুলরা

মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলটদের মাঠের ক্রিকেটে দেখা যাবে আবার।

বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি (এলসিটি) টেন ডট টেন ক্রিকেট। যেখানেই মাঠ মাতাতে দেখা যাবে একঝাঁক সাবেক তারকাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এলসিটি টেন ডট টেন।

ক্রিকেটের নতুন এই সংস্করণটি হবে ১০ ওভার ১০ বলের। টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়, খেলায় বৈচিত্র্য আনতে যোগ করা হয়েছে মজার সব নিয়ম।

অংশ নেবে ৬ ফ্র্যাঞ্চাইজি- জেমকন টাইটান্স, একমি স্ট্রাইকার্স, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল ও জা’দুবে স্টার্স।

এলসিটির ৬ আইকন খেলোয়াড়- মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন।

আর ৬ মেন্টর- জাহিদ রাজ্জাক মাসুম, নুরুল আবেদীন নোবেল, সারোয়ার ইমরান, আতহার আলী খান, নাসির আহমেদ নাসু ও আজহার হোসেন শান্টু।

ক’দিন আগে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটও হয়ে গেছে। বাংলাদেশ জাতীয় দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলা প্রায় ১২০ লিজেন্ড ক্রিকেটার টুর্নামেন্টের জন্য নাম নিবন্ধন করেছিল।

তালিকা থেকে স্ব-স্ব দলের পক্ষে নিজেদের পছন্দের ক্রিকেটার বেছে নেন আইকন ক্রিকেটার, মেন্টর ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। আইকন ও মেন্টর মিলিয়ে প্রতিটি দলের স্কোয়াড ১৬ জনের।

টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।