সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকা থেকে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম খুশী খাতুন (২৮)।
বুধবার দুপুরে এলাকার জাহানারা বেগমের ভাড়াবাড়ির কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
খুশী খাতুন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার পার খুকশিয়া গ্রামের বেলাল শেখের মেয়ে। খুশী তার স্বামী রুবেলের সঙ্গে হরিণধরা এলাকায় ভাড়া বাসায় থেকে পার্শ্ববর্তী স্টারলিং কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করত এবং তার স্বামী অটো রিকশা চালাত বলে জানিয়েছে পুলিশ।
খুশীর বোন সেলিনা বেগম বলেন, আমার বোনের সঙ্গে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে খুশী।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড মেম্বার কাজল হোসেন বলেন, সকালে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে খুশী সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদ‡ন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে তার স্বামীর সঙ্গে প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।