সাকিব ভাই ছাড়া চলবে না, বিষয়টা এমন নয়: মুমিনুল

চট্টগ্রামে ঊরুর চোটে পড়ায় ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে বৃহস্পতিবার মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সাকিবের না থাকাকে বড় ধাক্কা বলেই মানছেন সবাই।

তবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বিষয়টিকে দেখতে চান অন্যভাবে। সাকিব নেই এই ভাবনাই মাথায় আনতে চান না তিনি।

বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘জিনিসটা আপনি যেভাবে নেবেন আরকি। আপনি যদি মনে করেন, সাকিব আল হাসান নেই, টিম চলবে না, বাংলাদেশ চলবে না, এটাও না। দেখেন, যখন সাকিব ভাই ছিলেন না, বাংলাদেশ দল কিন্তু চলেছে, ভালো খেলেছে, ম্যাচ জিতেছে।’

‘জিনিসটা আপনি কীভাবে নেবেন (তার ওপর নির্ভর করে)। সত্যি কথা আমি ওভাবে চিন্তা করছি না। আমার যেটা আছে সেটা নিয়ে ভাবছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে। সাকিব ভাই থাকা না থাকা নিয়ে ওইভাবে চিন্তা করছি না। মাথায় যাতে না থাকে (সাকিব ইস্যু) ওইভাবে চেষ্টা করছি। যা আছে তা নিয়েই (খেলব।)।’

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টেস্ট ‍শুরু হবে সকাল সাড়ে ৯টায়।