প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জেতায় অনেকখানি এগিয়েছিল জুভেন্তাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়ায় ইন্তার মিলানকে ২-১ গোলে হারিয়েছিল তুরিনের বুড়িরা। তাই মঙ্গলবার নিজেদের মাঠে দ্বিতীয় লেগ গোলশূন্য থাকলেও দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে সেমিফাইনাল জিতে কোপা ইতালিয়ার ফাইনালে পা রাখল তারা। ১৯ মে’র ফাইনালে জুভেন্তাসের প্রতিপক্ষ আতালান্তা বা নাপোলি। দু’দলের দ্বিতীয় লেগ গত রাতে হয়েছে। প্রথম লেগ গোলশূন্য ছিল।
আলিয়াঞ্জ স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে পরিপূর্ণ ম্যাচে বল দখলে সামান্য প্রাধান্য ছিল ইন্তারের। শট নেওয়া আর সুযোগ তৈরিতেও কিছুটা এগিয়েছিল। আবার তাদের গোলরক্ষক সামির হান্দানোভিচকেই করতে হয় চারটি সেভ। বিপরীতে, স্বাগতিক গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের নামের পাশে সেভ তিনটি।
শুরুতে জুভরা কিছুক্ষণ আধিপত্য দেখালেও ধীরে ধীরে ইন্তার নিজেদের গুছিয়ে নেয়। ২৫ মিনিটে গোলও প্রায় পেয়েই যাচ্ছিল তারা। ক্রিস্টিয়ান এরিকসেনের ফ্রি-কিকে রোমেলু লুকাকুর ফ্লিক পোস্ট ঘেঁষে চলে যায়। তিন মিনিট পর ডি-বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়েছিলেন লাউতারো মার্তিনেজ। কিন্তু তার এলোমেলো শট বাধা পায় জুভেন্টাসের রক্ষণে। ৩৩তম মিনিটে মার্সেলো ব্রোজোভিচের দূরপাল্লার শট সহজেই লুফে নেন বুফন। বিরতির আগে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। ৪২তম মিনিটে তার প্রথম শট আটকে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার। কিছুক্ষণ পরই কাছের পোস্টে তার আরেকটি কোনাকুনি শট অসাধারণভাবে পা দিয়ে ঠেকান হান্দানোভিচ। ৬৪ মিনিটে রোনালদোর শট রুখে দিয়ে জাল অক্ষত রাখেন হান্দানোভিচ। ৬ মিনিট পর ফের হতাশ হতে হয় তাকে। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে তার নেওয়া জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন ইন্তারের গোলরক্ষক।