সিরিজ বাঁচানোর টেস্টে ফিরলেন সৌম্য-রাহি-মিঠুন

প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে নামা ম্যাচে ওপেনার সাদমান ইসলাম চোটের কারণে নেই, তার জায়গায় খেলছেন সৌম্য সরকার।

অলরাউন্ডার সাকিব আল হাসানও চোটের কারণে ছিটকে গেছেন। তাতে মিডল অর্ডারে ফিরেছেন মোহাম্মদ মিঠুন।

বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান, তার পেস বদলি হিসেবে একাদশে এসেছেন আবু জায়েদ রাহি। এই টেস্টেও এক বিশেষজ্ঞ পেসার নিয়ে খেলছে স্বাগতিকরা।

চট্টগ্রাম টেস্টে টানা চার দিন দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। জিতে নেয় ম্যাচ।

চট্টগ্রাম টেস্ট পঞ্চম দিনে শেষ হলেও মিরপুর টেস্টে তা না হওয়ার সম্ভাবনা বেশি দেখছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার তাই মনে হচ্ছে (চারদিনের বেশি যাবে না)। এখনো বলতে পারছি না কীভাবে আচরণ করবে, দেখে মনে হয়েছে শুষ্ক। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং বা বোলিং যাই আগে পাই না কেন।’

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি।