ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৭ জন বাংলাদেশি ও তাদের সহযোগিতা করার অভিযোগে আরও দুইজনকে আটক করেছে ৫৮ বিজিবি।
বুধবার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী ও ২ শিশু রয়েছে। আটকরা খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে দুইটি ইজিবাইক জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার অপরাধে মহেশপুর থানায় মামলা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান বৃহস্পতিবার দুপুরে এক মেইল বার্তায় এসব তথ্য জানান।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতে আসা যাওয়ার সময় ১১০ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী ৫ দালালকে আটক করে বিজিবি।