নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের চালক-হেলপারকে ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে নগদ টাকাসহ ও মোবাইল ফোন লুটে নেয় ডাকাতদলে সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-আজিজনগর রাস্তায় ঘটে এ ঘটনা।
আহতরা হলেন- উপজেলার দাউদপুর এলাকার ফজলু মিয়ার ছেলে ট্রাক চালক হিমেল মিয়া (৩৩) ও নুরে আলমের ছেলে ট্রাকের হেলপার সাইদুল ইসলাম।
ট্রাক চালক আহত হিমেল মিয়া জানান, তিনি বিভিন্ন ইটভাটা থেকে ইটবহন করে বিভিন্ন এলাকায় ভাড়ায় পৌঁছে দেন।
ভুলতা ইউনিয়নের আজিজনগড়-ভায়েলা সড়কের হুড়ারবাড়ি এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। আর ওই নির্মাণকাজের দায়িত্ব পান ঠিকাদার খোরশেদ আলম।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে দাউদপুর এলাকার এইচইউবি নামক ইটভাটা থেকে ৩ হাজার ইট নিয়ে আজিজনগড়-ভায়েলা সড়কের হুড়ারবাড়ি এলাকায় নামিয়ে দেন।
ফেরার পথে আজিজনগড়-ভায়েলা সড়কের হুড়ারবাড়ির মোড়ে ৭ থেকে ৮ জনের একদল ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ট্রাকটি গতিরোধ করে।
পরে ট্রাক চালক হিমেল, হেলপার সাইদুল ইসলাম, শ্রমিক সৈকত, জাহিদ এর সঙ্গে থাকা ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা লুট করে নেয়।
এ সময় প্রতিবাদ করতে গেলেই ডাকাতরা ধারালো ছুড়ি দিয়ে প্রথমে হিমেলের বুকে ছুরিকাঘাত করে। পরে হেলপার সাইদুল এগিয়ে গেলে তার পিঠে ছুরিকাঘাত করে।
একপর্যায়ে সকলে আত্ম চিৎকার শুরু করলে আশপাশের এলাকার মানুষ এগিয়ে আসলে ডাকাতদল দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত হিমেল ও সাইদুলকে প্রথমে স্থানীয় ভুলতা জেনারেল হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী সোলায়মান মিয়া জানান, তারা সময় মতো এগিয়ে না এলে ডাকাতরা আরও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটাতো। তিনিই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাকে চিকিৎসকেরা জানিয়েছেন, আহতরা এখন আশঙ্কামুক্ত।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিম উদ্দিন মজুমদার বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এ ধরনের একটি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া এখন থেকে আজিজনগড়-ভায়েলা সড়কে নিয়মিত টহলের ব্যবস্থা করা হবে।