চতুর্থ ধাপের পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি। আগামী রবিবার ভোটগ্রহণের দিনকে সামনে রেখে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টার, ফেস্টুন, ব্যানার, লিফলেট ও স্টিকারে ছেয়ে গেছে শহরের প্রতিটি অলিগলি ও পাড়া-মহল্লা। উচ্চশব্দের মাইকিংয়ে প্রার্থীদের নানা গুণকীর্তন ছাড়াও চলছে ধারাবাহিক উঠান বৈঠক। নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি ও নাগরিক সমস্যা সমাধানের অঙ্গীকার করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। সম্প্রতি কলাপাড়া পৌর এলাকার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে ও ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কলাপাড়া পৌরসভার এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী লড়াই করছেন। মেয়র পদে নৌকা প্রতীকে বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার মাঠে রয়েছেন। অন্যদিকে ধানের শীষ প্রতীকে কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজি হুমায়ুন সিকদার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. সেলিম মিয়া এবং জগ প্রতীক নিয়ে কলাপাড়া পৌর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক দিদার উদ্দিন আহমেদ মাসুম স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। এ ছাড়াও কাউন্সিলর পদে বেশির ভাগ ওয়ার্ডেই রয়েছে একাধিক প্রার্থী।
কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘কলাপাড়ায় এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের জন্য সতর্ক অবস্থানে রয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। আচরণবিধি লংঘন রোধে ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।