মৌলভীবাজারে রাজনগর উপজেলা পরিষদ এলাকায় মিছিল করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় উপজেলা যুবলীগের সভাপতিসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজনগর উপজেলা পরিষদ এলাকায় মিছিল করা নিয়ে উপজেলা চেয়ারম্যান শাহাজান খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলাইর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় একপক্ষ অন্যপক্ষের দিকে ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। এ ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খানসহ উভয়পক্ষের আহত হন অন্তত ১২ জন। খবর পেয়ে রাজনগর থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ২০ রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়া হয়েছে।