ফরিদপুরে কালার পয়েন্টের উদ্যোগে ‘নতুন আশার সূর্যোদয়’ শীর্ষক তিন দিনের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
ফরিদপুর, রাজবাড়ী ও ঢাকা জেলার চিত্রকলা শিল্পীদের রং-তুলিতে আঁকা বিভিন্ন জীবন ও প্রকৃতির ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে এ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। এই প্রদর্শনী চলবে রবিবার পর্যন্ত।
ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রদর্শনীতে নবীন ও প্রবীণ শিল্পীর জলরং, তেলরং ও অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা মোট ৬৪টি ছবি স্থান পেয়েছে।
এই প্রদর্শনীর উদ্বোধনী দিনেই সমবেত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। করোনার এই মহামারী সময়ে ঘরবন্দি থেকে বেরিয়ে একটু নিজেকে রঙিন করতে ছুটে আসেন ছবিপ্রেমীরা। অনেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে শিল্পীদের রং-তুলির অঁাকা বাহারি ধরনের ছবি দেখে মুগ্ধ হন।
উদ্বোধনী অনুষ্ঠানে কালার পয়েন্টের পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক রেজভী জামান, আলতাব হোসেন, অতিরিক্ত জেলা পªশাসক দীপক রায় প্রমুখ।