শেরপুরের শ্রীবর্দী উপজেলা থেকে অপহরণের তিন দিন পর ময়মনসিংহ থেকে অপহৃতকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করেছে র্যাব।
গতকাল শুক্রবার দুপুরে জামালপুরে র্যাবের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৪, সিপিসি-১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা জানান, ৮ ফেব্রুয়ারি রাতে শেরপুরের শ্রীবর্দী উপজেলার কুরুয়া ভাটিপাড়া এলাকা থেকে শ্রমিক শামসুল হককে (৬৩) অপহরণ করা হয়। অপহরণের পর তাকে বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
প্রযুক্তির সহায়তা নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহের জয়নুল আবদিন পার্কের একটি রেস্টুরেন্ট থেকে তিন অপহরণকারীকে আটক এবং অপহৃতকে উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলো আনিছুর রহমান (৩৭), শফিউল আলম (৪০) ও ফরহাদ হোসেন (২৩)।
অপরদিকে, দিনাজপুরের হাকিমপুরে অপহরণের এক দিন পর আনোয়ার হোসেন (৪০) নামের এক মুদি ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ চার অপহরণকারীকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাটাগাড়ি নামক এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও জড়িতদের আটক করা হয়। উদ্ধার হওয়া আনোয়ার হোসেন হাকিমপুরের রাউতারা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। আটক ব্যক্তিরা হলো আবু জাফর (৩০), ইসমাইল হোসেন (৩৫); গোলাম মোস্তফা (৩৫) নাজমিন আকতার (৩০)।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, পরিবারের কাছে ফোন দিয়ে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করলে থানায় অভিযোগ করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় আনোয়ারকে গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।