চেন্নাই টেস্টে কঠিন একটা দিন পার করল সফরকারী ইংল্যান্ড। রোহিত শর্মার নান্দনিক ১৬১ রানে ভর করে প্রথম দিন পুরোটা নিজেদের করল ভারত।
শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নামা ভারত প্রথম দিনের খেলা শেষ করেছে ৬ উইকেটে ৩০০ রান তুলে। ৮৮ ওভার খেলা হয়েছে প্রথম দিন।
রোহিত ৩২৭ মিনিট উইকেটে থেকে ১৬১ রানের ইনিংস খেলেছেন। ২৩১ বলে ১৮ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। এ ছাড়া আজিঙ্কা রাহানে ১৪৯ বলে ৬৭ রান করে দিনের দ্বিতীয় সফল ব্যাটার।
রিশভ পন্ত ৩৩ ও অক্ষর প্যাটেল ৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
চার ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি ২২৭ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ভারত কিছুটা চাপে। তবে টসে হেরে ইংল্যান্ড শুরুতেই কিছুটা পিছিয়ে পড়ে।
প্রথম দিনেই উইকেটে টার্ন ও বাউন্সের দেখা মিলেছে। তাতে ইংলিশদের শুরুটাও হয় দারুণ। দিনের নবম বলেই ওপেনার শুবমান গিলকে (০) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ওলি স্টোন।
চেতেশ্বর পূজারাকে নিয়ে ধাক্কা সামাল দিতে চেষ্টা করেন রোহিত। তবে জ্যাক লিচ পূজারাকে (২১) তুলে নিয়ে ৮৫ রানের জুটির পতন ঘটান। পরের ওভারেই বিরাট কোহলিকে (০) শূন্য রানে ফিরিয়ে দেন মঈন আলী। তাতে ৮৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিক দল।
তবে চতুর্থ উইকেটে আজিঙ্কা রাহানেকে নিয়ে ১৬২ রানের জুটি গড়ে তোলেন রোহিত। যা দিন শেষে ভারতকে রেখেছে শক্ত অবস্থানে।
রোহিতকে ফিরিয়ে জুটিটা ভাঙেন লিচ। স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতে রাহানেও বিদায় নেন। তাকে বোল্ড করেছেন মঈন।
শেষ সেশনে ৩৬ রানের ব্যবধানে ৩ উইকেট ইংল্যান্ডকেও কিছুটা হলে স্বস্তি নিয়ে দিন শেষ করার উপলক্ষ দিয়েছে। ২টি করে উইকেট নিয়ে দুই স্পিনার লিচ ও মঈন দিনের সবচেয়ে সফল বোলার।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে
ভারত ৩০০-৬: রোহিত ১৬১, রাহানে ৬৭।