বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদযাপনে কুয়াকাটায় ভিড় জমেছে দেশি-বিদেশি হাজারো পর্যটকের। হোটেল, মোটেল, কটেজগুলো ভরে গেছে।
শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার, জাতীয় উদ্যান, লেম্বুর চর, শুঁটকি পল্লী, রাখাইন মার্কেট, রাখাইন পল্লী, গঙ্গামতি, কাউয়ারচর, লাল কাঁকড়ার চর, চর-বিজয়, ইলিশ পার্কসহ ইতিহাস-ঐতিহ্যের দর্শনীয় স্থানে রয়েছে পর্যটকদের ব্যাপক উপস্থিতি। বিক্রি ভালো হওয়ায় পর্যটনমুখী ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখেও ফুটে উঠেছে হাসি। তবে এই সুযোগে পর্যটকদের কাছ থেকে অনেকেই হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোতালেব শরীফ জানান, পনেরো দিন আগেই হোটেল কক্ষ বুকিং হয়ে গেছে। ফাগুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে বুধবার থেকেই আসা শুরু করেছেন পর্যটকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটির কারণে ২৪ তারিখ পর্যন্ত অধিকাংশ হোটেল-মোটেল-রিসোর্টের কক্ষ বুকিং হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সপরিবারে ঘুরতে আসা আহমেদ জামান বলেন, ভালো হোটেলে কক্ষ না পেলেও কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ ক্লািন্ত দূর করে দিয়েছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র এএসপি সোহরাব হোসেন জানান, পর্যটকদের নির্বিঘ্নে চলাচলসহ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।