শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

কলাপাড়ায় যুবলীগের দুই নেতা বহিষ্কার

পটুয়াখালীর কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় যুবলীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার যুবলীগ পটুয়াখালী জেলা শাখা ও মহিপুর থানা শাখা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। যুবলীগ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি, কলাপাড়া উপজেলা শাখার সহসভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আসলাম হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুমের পক্ষে কাজ করে যাচ্ছেন। এ কারণে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আসলাম হাওলাদারকে বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলাপাড়া উপজেলা শাখার সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে যুবলীগ মহিপুর থানা শাখার আহ্বায়ক মিজানুর রহমান বুলেট আকন ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবলীগ মহিপুর থানা শাখার সদস্য ফারুক হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে কলাপাড়া পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা যুবলীগের সুপারিশ মোতাবেক ফারুক হাওলাদারকে যুবলীগ মহিপুর থানা শাখার সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।