মানসম্মত গণপরিবহন চায় যাত্রী কল্যাণ সমিতি

মোটরসাইকেলের নিবন্ধন ফি কমানো ও ৩৫০ সিসির মোটরসাইকেল বাংলাদেশে চলাচলে অনুমতির সিদ্ধান্ত বাতিল চেয়ে গণপরিবহন ব্যবস্থা সহজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল শনিবার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পৃথিবীর সবচেয়ে ঘনবসতি ছোট্ট এই দেশে রাস্তার পরিমাণ বিবেচনায় না নিয়ে বছরে প্রায় ৩ থেকে ৪ লাখ মোটরসাইকেল রাস্তায় নামছে। বিপরীতে বাসের সংখ্যা জ্যামিতিক হারে কমছে। গণপরিবহনের এই ভুলনীতি বন্ধ না হলে অচীরেই দেশের যেকোনো পথে যাতায়াত কঠিন হয়ে পড়বে। বর্তমানে দেশে নিবন্ধিত ৪৪ লাখ যানবাহনের বিপরীতে ৩১ লাখ মোটরসাইকেল রয়েছে। নিবন্ধনবিহীন আরও ৩ থেকে ৪ লাখ মোটরসাইকেল রাস্তায় চলছে। অথচ মোটরসাইকেলচালকদের মাত্র ১৮ লাখ ড্রাইভিং লাইসেন্স রয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান মতে, ২০২০ সালে দেশে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ৬ হাজার ৭৩৬টি যানবাহনের মধ্যে মোটরসাইকেলের সংখ্যা ছিল ১ হাজার ৬৭১টি; যা মোট আক্রান্ত যানবাহনের ২৪ দশমিক ৮ শতাংশ। ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় আক্রান্ত ৭ হাজার ৩৫৬টি যানবাহনের মধ্যে ১ হাজার ৫৬৩টি মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার কবলে পড়ে; যা মোট আক্রান্ত যানবাহনের ২১ দশমিক ৪ শতাংশ। এতে দেখা গেছে, এক বছরে দেশে মোটরসাইকেল দুর্ঘটনার হার বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের একমাত্র এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-পাঁচ্চর জাতীয় মহাসড়ক ছাড়া অন্য কোনো মহাসড়কে ১০০ কিলোমিটার গতিতে নিশ্চিন্তে মোটরসাইকেল চালানোর সুযোগ নেই। রাজধানীসহ দেশের প্রধান প্রধান মহানগরীতে মোটরসাইকেলের জন্য আলাদা লেন না থাকায় ট্রাফিক আইন ভাঙার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। অন্যদিকে পঙ্গু হাসপাতালের তথ্য মতে, প্রতি বছর গড়ে সাড়ে ৭ থেকে ৮ হাজার পঙ্গু রোগী মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে এই হাসপাতালে চিকিৎসা নেন। সড়ক দুর্ঘটনা ও যানজট কমাতে চীনের ৫টি মহানগরীসহ পৃথিবীর বহু দেশের প্রধান প্রধান মহানগরীতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি বলছে,  দেশে মানসম্মত গণপরিবহনের অভাব, যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, যাত্রীসেবার মান, কর্মসংস্থানের অভাবসহ নানা কারণে মানুষ মোটরসাইকেলকে নিরাপদ বাহন ও কর্মসংস্থানের বিকল্প উপায় হিসেবে মনে করছে। অন্যদিকে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্মের মাধ্যমে মোটরসাইকেল ভাড়ায় ব্যবহারের কারণে দেশের কর্মহীন বিপুলসংখ্যক যুবগোষ্ঠী ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে আয়ের পথ বেছে নিলেও কার্যত একটি আদর্শ রাষ্ট্রে গণপরিবহনকে বিকশিত করার কোনো বিকল্প নেই। তাই এই মুহূর্তে মোটরসাইকেল, ইজিবাইক, মোটরচালিত রিকশাসহ ছোট ছোট যানবাহনের লাগাম টেনে ধরার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় যাত্রী কল্যাণ সমিতি।