শিবচরে ইতালিপ্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে মিম (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চত্বর সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিম শিবচর উপজেলা চত্বর সংলগ্ন বসুন্ধরা আবাসিক এলাকার হাজী শিরাজুল ইসলামের ছেলে ইতালিপ্রবাসী জুবায়ের হোসেনের স্ত্রী ও উপজেলার খানকান্দি (নলগোড়া) গ্রামের মিজানুর রহমান খানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন মাস আগে মিমের সঙ্গে ইতালিপ্রবাসী জুবায়ের হোসেনের প্রেমের সূত্র ধরে বিবাহ হয়।

গত ১৫ দিন আগে জুবায়ের ইতালি থেকে দেশে আসেন। দুপুরে মিম এবং জুবায়েরের পরিবারের সবাই এক সঙ্গে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম করতে থাকেন। বিকেলের দিকে জুবায়ের মিমকে রেখেই ঘুরতে যান। সন্ধ্যার দিকে জুবায়েরের মা মিমকে নামাজ পড়তে ডাকাডাকি করতে রুমের দরজায় ধাক্কা দেন।

এ সময় ভেতর থেকে রুমের দরজা বন্ধ পাওয়া যায়। পরে জুবায়েরের মা জুবায়েরকে ফোনে বিষয়টি জানান। পরে জুবায়ের এসে পরিবারের লোকজনসহ দরজা ভেঙে মিমকে রুমের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ সময় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে জুবায়ের ও তার শাশুড়ি (মিমের মা) নিজ দায়িত্বে মিতুকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

এদিকে খবর পেয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তবে তারা আসার পূর্বেই মিমকে নিয়ে তার পরিবারের লোকজন ফরিদপুরের উদ্দেশ্য রওনা হয়ে যান।

মিমের বাবা মিজানুর রহমান বলেন, আমার জামাতার সঙ্গে মিমের আগে পরে কোনো ঝামেলা ছিল না। আজ সন্ধ্যার দিকে জুবায়ের আমাকে ফোন দিয়ে মিতু ঘরের দরজা বন্ধ করে রেখেছে বলে আমাকে জানান। পরে আমি তাদের দরজা ভেঙে ফেলতে বলি ও আমি সেখানে যাই। গিয়ে দেখে নামাইতেছে। এখন কেমনে মরছে নাকি ওকে মেরে ঝুলিয়ে রাখছে সেটা আমি জানি না।

এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর জেলা পুলিশ গ্রহণ করেছে। তবে শিবচর থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।