ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রবিবার দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হারের পর সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি বস। এ সময় তার চোখে, মুখে ছিল হতাশার ছাপ। ক্ষুব্ধ বিসিবি সভাপতি এমন পারফরম্যান্সের জন্য কোচ-অধিনায়কের কাছে জবাবদিহি চাওয়ার কথাও বলেছেন।
একঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে এসেছিল ক্যারিবীয়রা। যাদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সহজেই হোয়াইটওয়াশ করে টাইগাররা।
তবে টেস্ট সিরিজে অন্য ফল। চট্টগ্রামে প্রথম টেস্ট ৩ উইকেটে হারে বাংলাদেশ। সেটাও প্রথম চার দিন দাপট দেখানোর পর। আর দ্বিতীয় টেস্ট এক দিন হাতে থাকতেই বাংলাদেশ হেরে যায় ১৭ রানে।
নাজমুল হাসান পাপন এমন পারফরম্যান্সের জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসকেই দায় দিচ্ছেন। বলছেন, ‘ওয়ানডে সিরিজ জিতে নেওয়ার পর আমরা ধরেই নিয়েছিলাম, সহজে জিতে যাব।’
ক্রিকেটারদের মাঠের শরীরী ভাষা নিয়েও প্রশ্ন তুলেছেন পাপন। চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘রিউভ নিচ্ছি না, বাজে বোলিং করছি। ক্যাচ ফেলে দিচ্ছি…।’
ঢাকা টেস্টের প্রসঙ্গ আসতেই বলেন, ‘এখানে এসে, প্রথম ইনিংসে ব্যাটিং দেখেই আমি হতাশ। টোটালি হতাশ।’
সিরিজ হারের জন্য কোচ ও অধিনায়কের কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানান তিনি। সাকিব আল হাসান ছিটকে যাওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদকে না নিয়ে সৌম্য সরকারকে দলে নেওয়ার ব্যাপারেও প্রশ্ন তুলেছেন পাপন। বলেন, ‘আমি চেয়েছিলাম রিয়াদকে (মাহমুদউল্লাহ), ওরা নিয়েছে সৌম্যকে।’