চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় রবিবার রাত তিনটার দিকে মামলা হয়েছে। এই মামলায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল রাজিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল রবিবার দুপুর বারোটার দিকে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এ নিয়ে আজ সোমবারও দক্ষিণ গোবিন্দরখীল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে নিহতের বড় ভাই কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে গতকাল রাতে এই মামলা করেন। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে সরওয়ার কামাল রাজিবকে প্রধান আসামি করে আরও অজ্ঞাত ২০ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার জানান, গতকাল রাতে ৭ জনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড়ভাই কাউন্সিলর আবদুল মান্নান।
এ ঘটনায় আটক গতকালের পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বিজয়ী সরওয়ার কামাল রাজিবকে আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
তিনি আরও জানান, এ মামলায় বাকি আসামিদের আটক করতে পটিয়া থানা-পুলিশ তৎপর রয়েছে।