ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম ও ঢাকা- দুই টেস্টেই টাইগারদের পারফরম্যান্স নিয়ে চলছে সমালোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তো সরাসরি বলেছেন, এভাবে চলতে দেওয়া যায় না। তবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সতীর্থদের আগলে রাখতে চাইছেন। বললেন, ‘চিন্তিত হওয়ার কিছু নেই’।
আইসিসি নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। ওয়ানডেতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সাকিব হন সিরিজ সেরা।
তবে টেস্টে উল্টো ফল। সাকিব অবশ্য ঊরুর চোটে ঢাকা টেস্টে ছিলেন না। চট্টগ্রামে প্রথম দুই দিন খেললেও পরের তিন দিনই ছিলেন দর্শক হয়ে। চট্টগ্রামে মাঠের বাইরে বসে দেখেছেন, উইন্ডিজের অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নেওয়া। এরপর ঢাকার পরাজয়ও দেখেছেন।
সাকিব বলছেন, ‘পরাজয় কাম্য নয়। তবে শুধু ক্রিকেটেই নয়, যেকোনো খেলাতেই জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই।’
সাকিব সম্প্রতি ‘ফ্রেন্ডশিপ’ নামের একটি বেসরকারি সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন। চর ও দুর্যোগপ্রবণ দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীদের জন্য সংস্থাটি কাজ করছে ১৯ বছর ধরে। সোমবার সংস্থাটির ‘ফ্রেন্ডস অ্যান্ড হিরোস’ নামের একটি অনলাইন প্রচারণা অনুষ্ঠানে সাকিব এসব কথা বলেন।
সিরিজ হারের পর টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন, ২০ বছরে কোনো উন্নতিই হয়নি। তবে সাকিবের মত ভিন্ন, ‘আমাদের উন্নতি যে হয়নি, সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’
উইন্ডিজ সিরিজ শেষে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নেবে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা টাইগারদের। মার্চ-এপ্রিলে সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। তবে সাকিব সেই সফরে থাকছেন না। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সাকিব।