কিশোরীকে লাঞ্ছনা, পুলিশকে হুমকির অভিযোগ ‘মদ্যপ’ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে

সাভারে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের রাতে মদ্যপ অবস্থায় থাকা কিশোর গ্যাং সদস্যরা এক কিশোরীকে লাঞ্ছনা ও পুলিশকে হুমকি দিয়েছে বলে জানা গেছে। তাদের হামলায় দু’জন আহত হয়েছেন বলে অভিযোগ।

রবিবার রাতে ওই ঘটনায় বাধা দিতে গিয়ে নাজেহাল হয়েছেন এক পুলিশ সদস্যও।

সোমবার সকালে অনুষ্ঠিত সাভার উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তার কাছে তিনি এ ব্যাপারে কৈফিয়ত তলব করেন।

স্থানীয়রা জানান, ১৪ ফেব্রুয়ারি রবিবার রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার আবুল কামে সন্দ্বীপ সড়কের (থানা রোড) এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাখাওয়াত হোসেন ফাহিম (১৭) নামে এক কিশোরের নেতৃত্বে ১৫-২০ জন বখাটে মদ্যপ অবস্থায় এক কিশোরীকে (১৬) কটূক্তি করে। এ সময় পৌরসভার কাজী মোকামপাড়া মহল্লার সৌরভ (১৭) ও আলিফ (১৭) নামে দুই কিশোর এর প্রতিবাদ করে। এ নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে ব্যস্ততম ওই সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বখাটেদের উপস্থিতি বাড়তে থাকলে পুলিশ সেখানে পৌঁছে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

তারা জানান, এময় ফাহিমসহ কয়েকজন কিশোর পুলিশ সদস্যদের মারতে উদ্যত হয়ে অশ্লীল গালিগালাজ করে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের সংখ্যা বাড়তে থাকলে প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা উত্তপ্ত পরিস্থিতিতে সৌরভ ও আলিফ নামে দুই কিশোর আহতসহ ওবায়দুর রহমান নামে এক পুলিশ সদস্য নাজেহাল হন। পরে স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলরের সহায়তায় আহতরা রাতে পার্শ্ববর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ভুক্তভোগী কিশোরীকে তার বাসায় পাঠিয়ে দেয়।

হামলায় নেতৃত্বদানকারী ফাহিম শ্যামপুর এলাকার আব্দুল হান্নানের চার ছেলের মধ্যে একজন বলে জানা গেছে। এ ঘটনায় সোমবার বিকেলে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত আলিফ।

জানতে চাইলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুর রহমান বলেন, রাতে এনাম মেডিকেলের সামনে দুই পক্ষে হাতাহাতি হয়। এ সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি সেখানে দিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় মামলা দায়ের হলে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।