নরসিংদীর বেলাব উপজেলা ভাইস চেয়ারম্যানদের ভাতা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটনকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।
রবিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেন। বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটন বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এতে বলা হয়েছে, বেলাব উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তারের সম্মানী, ভ্রমণ ও আপ্যায়ন ভাতা আত্মসাৎ করেছেন চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূঁইয়া। এসব ভাতার মোট ৭৪ হাজার ৩৬৬ টাকা পাঁচটি চেকের মাধ্যমে নিয়মবহির্ভূতভাবে উত্তোলন করেছেন তিনি।
একই সঙ্গে উপজেলার ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়াকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মো. মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীরকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা দেওয়া হয়।
গত বছরের মার্চে সমসের জামান ভূঁইয়ার বিরুদ্ধে সম্মানী, আপ্যায়ন ও ভ্রমণ ভাতা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার। এরপর ৩ ডিসেম্বর নরসিংদীর সার্কিট হাউসে গিয়ে এসব অভিযোগের তদন্ত করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার খান মো. নুরুল আমিন।
বেলাব উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়াই সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে পদটি শূন্য ঘোষণা করার ফলে নতুন চেয়ারম্যানের জন্য দ্রুত উপনির্বাচনের দাবি জানাচ্ছি।
সদ্য বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূঁইয়া রিটন সাংবাদিকদের বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানরা নির্বাচনের সময় তাদের প্রতিশ্রুতি মোতাবেক এক মাসের সম্মানী মাজারে অনুদান দিয়েছেন। আমি সেটা উত্তোলন করে মাজারের উন্নয়নে খরচ করেছি। কিন্তু কোনো টাকা আত্মসাৎ করিনি। ওই মাজারের প্রধান খাদেম আমি। এখন তারা ষড়যন্ত্র করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। আমি একাধিকবার এই টাকা ফেরতও দিতে চেয়েছিলাম। কিন্তু তারা নেয়নি।