মাদারীপুর কিশোরগঞ্জে ৩ জনের মৃত্যুদন্ড, ৫ জনের যাবজ্জীবন

মাদারীপুরে ইজিবাইকচালক সুলতান ব্যাপারী হত্যা মামলার রায়ে সহোদরের মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত জনি ব্যাপারী (২৫) ও শরীফুল ব্যাপারী (২৩) রাজৈরের সুতারকান্দি গ্রামের কুদ্দুস ব্যাপারীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত ৯টার দিকে সুলতান ব্যাপারীর ইজিবাইকে যাত্রীবেশে জনি ব্যাপারী, শরীফুল ব্যাপারী, শাওন জমাদ্দার ও সাব্বির হাওলাদার ওঠেন। পরে রাত পৌনে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার আশাপাট গ্রাম থেকে কালীরবাজার যাওয়ার সময় পথে সুলতান ব্যাপারীকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আসামিরা স্থানীয়দের হাতে ধরা পড়ে।

মাদারীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং জানান, মামলার অপর দুই আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মামলার বিচার শিশু আদালতে প্রক্রিয়াধীন।

অপরদিকে, কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক সিদ্দিক মিয়া হত্যা মামলায় একজনকে ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে জুয়েল মিয়াকে (২৭)। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন মাহবুব হাসান রঞ্জু (৩৫), সাইফুল ইসলাম (৩৫), জজ মিয়া (৫২), রাহিমা খাতুন ও কাঁকন মিয়া (২০)। তাদের এক লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২২ জানুয়ারি বাজিতপুর উপজেলার বরমাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বাড়ির একটি রাস্তায় বাথরুম তৈরি করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে মো. সিদ্দিক মিয়ার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আসামিরা দলবদ্ধভাবে সিদ্দিক মিয়াকে আঘাত করে হত্যা করে।