নওগাঁয় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনটিতে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশ।