ব্রাজিল-আর্জেন্টাইনের হ্যাটট্রিকে বসুন্ধরার বড় জয়

আরামবাগ ক্রীড়া সংঘকে উড়িয়ে প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ে ফিরল বসুন্ধরা কিংস। দলটির হয়ে হ্যাটট্রিক করলেন ব্রাজিলিয়ান তারকা রবসন ডি সিলভা রবিনিয়ো ও আর্জেন্টাইন তারকা রাউল বেসেরা।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ৬-১ গোলে জয় তুলে নেয় বসুন্ধরা কিংস।

প্রথমার্ধে ৩-১ ব্যবধানের পর দ্বিতীয়ার্ধে আরামবাগের জালে আরো ৩ গোল করে বসুন্ধরা। আরামবাগের পক্ষে একমাত্র গোলটি করেন নিহাদ জামান।

টানা সাত ম্যাচ জেতার পর নিজেদের অষ্টম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ড্র করেছিল বসুন্ধরা কিংস।

এদিনের জয়ে নয় ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্কার ব্রুজনের দল।

অন্যদিকে আরামবাগের হতাশার বোঝা ভারী হলো আরো। টানা আট ম্যাচ হারা দলটি এখনো খুলতে পারেনি পয়েন্টের খাতা। লিগ টেবিলে তারা সবার তলানিতে।

এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হয়েছে আরো দুটি ম্যাচ। প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিডেট। আকাশি-নীলদের পক্ষে একটি করে গোল করেন রাফায়েল ডি সিলভা ও কেরভেন্স বেলফোর্ট।

দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

৯ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। এক ম্যাচ কম খেলা শেখ জামাল ১৮ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং। ৮ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে উত্তর বারিধারা।