সাতসকালে ফেইসবুকে তুলকালাম কাণ্ড বাঁধিয়েছেন মীর আফসার আলী।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যায়, সি-গ্রিন রঙের টি-শার্ট ও লালচে প্যান্ট পরে রাস্তায় বসে পড়েছেন মীর। সামনে রয়েছে একটি ব্যাগ, ক্রাচ ও ভিক্ষার থালা। মাথার চুল এলোমেলো আর মুখ ভরতি দাড়ি।
ছবিটি দেখে পুরনো বলেই মনে হচ্ছে। তবে তা নতুন করে আপলোড করেছেন মীর।
কিন্তু শুটিং তো নয় তাহলে কেন এমন পোস্ট? ক্যাপশনে নিজেই সেই কারণ জানিয়েছেন। লেখেন, “বাঙালির ভালোবাসা দিবসের ঠিক পরের দিন ছেলেদের হাল… এটি একটি সিরিয়াস পোস্ট। লাইক বা কমেন্ট নয়, দুটো টাকা দিয়ে যান।”
এই প্রথম নয়। এর আগে মজার ছলে নানা কাণ্ড বাঁধিয়েছেন মীর। গত বছরের নভেম্বর মাসেই পুলিশের হাতে ধরা পড়ার ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “কেত মেরে ময়দানে ঘোড়ায় চড়লাম… পুলিশ এসে কেস দিয়ে দিল! বলল, “লাইসেন্স কোথায়?!”
পরে জানান, শুটিং করতে ময়দান চত্বরে গিয়েছিলেন তিনি। শখ মেটাতেই ঘোড়ায় চেপে বসেছিলেন। শুটিংয়ের অনুমতি নেওয়া আছে কি-না তা দেখতেই পুলিশ অফিসার এসেছিলেন। কিছুক্ষণ কথাবার্তার পর তিনি ছবি তোলার অনুরোধ জানান। তখনই মজা করে ছবিটি তোলার কথা ভাবেন মীর।
মীরের এমন কাণ্ডকারখানা বেশ উপভোগ করেন অনুরাগীরা। প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। কেউ লিখেছেন, “মীরদা তুমি সত্যি জিনিয়াস। যেকোনো সাজে এবং অভিনয়ে তুমি পারদর্শী। তোমাকে টক্কর দেওয়ার মতো অভিনেতা খুব কম চোখে পড়ে।”
কেউ আবার মজা করে লেখেন, “নিশ্চয়ই রঞ্জনাদের পাড়ায় গিয়েছিল, দাদারা কথা রেখেছে দেখছি!”