সাভারে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে পৃথক স্থান থেকে হত্যা মামলায় ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোমিন ওরফে গালকাটা মোমিন এবং ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মণির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে আশুলিয়ার পান ধোয়া এলাকা এবং সাভারের তেঁতুলঝোড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোমিন ওরফে গালকাটা মোমিন (৩৫) আশুলিয়ার পান ধোয়া এলাকার ফজর আলীর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মণির হোসেন (৩২) মানিকগঞ্জ জেলা সিংগার থানার মধ্য ধল্লা গ্রামের মৃত সাহেব আলী মৃধার ছেলে।

থানা-পুলিশ জানায়, ২০১৬ সালে মারামারির ঘটনায় মোমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন এক ভুক্তভোগী। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ১৪ মাসের সাজা প্রদান করেন। কিন্তু মোমিন দীর্ঘ দিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে প্রযুক্তির সহায়তায় তাকে উপজেলার পাথালিয়া ইউনিয়নের পান ধোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, মোমিন নামে এক ব্যক্তিকে রাতে পান ধোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মামলার ১৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ঘটনায় বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে উপজেলার তেঁতyলঝোড়া ইউনিয়নের মুসলিম পাড়া মহল্লা থেকে ৬০ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মণির হোসেনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লাট মিয়ার বাড়ির সামনে থেকে মাদক ব্যবসায়ী মণির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর, ঋষিপাড়া, পদ্মার মোড় ও মুসলিম পাড়াসহ বিভিন্ন মহল্লায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।