১৮ ফেব্রুয়ারি ‘ছাত্র-শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ও দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহার ৫২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। ’৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ১৮ ফেব্রুয়ারির এই দিনে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন তিনি। তার স্মরণে পালিত শিক্ষক দিবসটিকে ‘ছাত্র-শিক্ষক দিবস’ ঘোষণার দাবি জানানো হয়েছে।

বুধবার সকালে রাবির স্যার জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের লেকচার থিয়েটারে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (রাবিসাস) ড. জোহা স্মরণে আলোচনা সভার আয়োজন করে। ‘ড. জোহা : ছাত্র-শিক্ষক সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা দিনটিকে ‘ছাত্র-শিক্ষক দিবস’ ঘোষণার দাবি জানান।

সভায় কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ড. জোহা জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। তিনি সর্বোচ্চ মানবিক আচার-আচরণ দিয়ে ছাত্রদের মন জয় করেছিলেন। জোহার মৃত্যুবার্ষিকীর দিনকে শিক্ষকরা বলেন ‘শিক্ষক দিবস’। কিন্তু এটাকে ‘ছাত্র-শিক্ষক দিবস’ হিসেবেই জানি। কারণ, রক্ত জানে রক্তের আহ্বান।

সংগঠনের সাবেক সভাপতি ও তৎকালীন দৈনিক পাকিস্তানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমদ সফিউদ্দীন বলেন, ‘সেদিন ড. জোহা শহীদ হয়েছিলেন। তার প্রতিবাদ করতে গিয়ে ছাত্র নূরুল ইসলাম ও আবদুস সাত্তার শহীদ হন। আজ আমরা তাদের অনেককেই ভুলে গেছি। ১৮ ফেব্রম্নয়ারিকে আমরা কেবল শিক্ষক দিবস নয়, ছাত্র-শিক্ষক দিবস হিসেবে দাবি করছি।’

বলেন, ‘একজন মানুষের কাছে সবচেয়ে মূল্যবান তার নিজের জীবন। ড. জোহা ছাত্রদের রক্ষার্থে নিজের জীবন দিয়ে অতুলনীয় দৃষ্টান্ত রেখে গেছেন।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম খান বলেন, একজন ছাত্র মারা যাচ্ছেন, তার জন্য শিক্ষক এগিয়ে আসছেন। আবার একজন শিক্ষক মারা যাচ্ছেন, তার জন্য ছাত্র প্রাণ দিচ্ছেন। ছাত্র-শিক্ষকের সম্প্রীতির এই বিষয়গুলো বর্তমানে আমরা তেমন একটা জানার চেষ্টা করি না।

আয়োজক সংগঠনের সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান ও সদস্য রাজিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আবদুল কাইয়ুম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।