নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১০০ দিনের কর্মসূচিতে মাঠে নামছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী। দায়িত্বভার গ্রহণের দ্বিতীয় দিন গতকাল বুধবার চসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা, সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘১০০ দিনের অগ্রাধিকার দেওয়া কর্মসূচি নিয়ে আমি কাজ শুরু করতে চাই। কর্মসূচির মধ্যে প্রথমে অগ্রাধিকার নগরীকে মশামুক্ত করা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ভাঙা রাস্তাঘাট মেরামত করা।’
চসিকের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মেয়র বলেন, ‘যারা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন; তাদের আমি সব ধরনের সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি কেউ দায়িত্ব পালনে অবহেলা করেন, তাদের কোনো ছাড় নাই।’