নারায়ণগঞ্জে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের বন্দর থানায় চালককে ছুরি মেরে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১১টার দিকে থানার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী কুড়িয়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোচালকের নাম সাদেক মিয়া (৪৫)। তিনি বন্দর ইউনিয়নের তিনগাঁও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে এবং কলাগাছিয়া ইউনিয়নের চড়ঘারমোরা গ্রামে ভাড়া থাকতেন।

বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, যাত্রীবেশে বুধবার রাতে ছিনতাইকারীরা সাদেক মিয়ার অটোরিকশায় ওঠে। কুড়িয়াভিটা এলাকায় সংযোগ সড়কের কাছাকাছি পৌঁছে তারা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় বন্দর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা হয়েছে। আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।