ঝালকাঠিতে হোমিও চিকিৎসকের স্ত্রীর লাশ উদ্ধার

ঝালকাঠিতে মারুফা বেগম (৩০) নামে এক হোমিও চিকিৎসকের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে সকালে মারুফা সকালে বিষ পান করলে পরিবারের লোকজন তাকে  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মারুফা রাজাপুর সদরের মধ্য বাজার এলাকার হোমিও ডাক্তার আব্দুর রহিম এর স্ত্রী। তাদের সংসারে দুটি কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। 

স্থানীয়রা জানায়, রাজাপুর সদরের নিজ বাসায় আব্দুর রহিম তার স্ত্রী মারyফা ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতো।বুধবার রাতে আব্দুর রহিম তার স্ত্রী মারুফা বেগমের মধ্যে ঝগড়া হয়। পরে রাতে এক সঙ্গে ঘুমিয়ে পড়লেও সকালে রাগে ক্ষোভে মারুফা বিষপান করে। এ সময় পরিবারের লোকজন মারুফাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য লাশ ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে।