আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ককটেল বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে ইউপি চেয়ারম্যান মহাসীনা হক কল্পনা ও সাবেক ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন– হারুন ঢালী (৩৫), জহিরুল ইসলাম (৪০), ইব্রাহিম বেপারী (৩৫), সবুজ মোল্লা (৩০), আওলাদ মাদবর (৫০) ও জিন্নত আলী (৫৫)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার অপারেশন ইন্সপেক্টর আবু হানিফ জানান, আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসীনা হক কল্পনা ও সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে বুধবার রাতে ইউনিয়নের রাজারচর গ্রামে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত। তবে এ ঘটনায় কোনোপক্ষই থানায় অভিযোগ করেনি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।